সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

পরিবারের পরিকল্পনা খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার : মাহদী আমিন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও খুবই ভঙ্গুর। শনিবার (২৯ নভেম্বর) তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, নেত্রীর শারীরিক অবস্থা সামান্য উন্নতি পেলেই তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা করছে পরিবার।

তিনি বলেন, “বর্তমানে নেত্রী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার চিকিৎসা চলছে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।”

আরও পড়ুনঃ খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

মাহদী আমিন আরও বলেন, “মেডিক্যাল বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন, যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না ঘটে। নেত্রীর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে লন্ডনে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে নেত্রী চার মাস চিকিৎসা নিয়ে উল্লেখযোগ্যভাবে সুস্থ হয়েছিল। পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”

শরীরের নানান জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। দেশে-বিদেশের চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রতিনিয়ত চিকিৎসা চললেও তার অবস্থার খবর শুনে দেশের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করছেন। মাহদী আমিন আশা প্রকাশ করেছেন, দেশবাসীর প্রার্থনা ও ভালোবাসায় নেত্রীর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে।

জাতীয় রাজনীতির এই দীর্ঘকালীন নেত্রী দেশের মানুষকে অনুপ্রাণিত করা বন্ধ করেননি, কিন্তু বর্তমানে তার অসুস্থতা পুরো জাতিকে গভীর উদ্বেগে ফেলে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *