জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্ব মানুষের ইচ্ছায় নয়, ভাগ্যের বিধানেই নির্ধারিত হয়। ভোটাধিকার প্রয়োগের সময় পছন্দের প্রার্থীকে সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোট নিয়ে পরিবার বা সমাজে বিভাজন তৈরি করা ঠিক নয়; বিভেদ শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নিতে পারে।”
বুধবার (৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে সুলতানপুর ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে শুরু হওয়া দিনব্যাপী পদযাত্রায় বিভিন্ন গ্রাম ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
পথসভায় হাসনাত আবদুল্লাহ জানান, নির্বাচনে বিজয়ী না হলেও দেবিদ্বারের মানুষের পাশে থাকার অঙ্গীকার তার আছে। তিনি বলেন, “আমি যদি মাত্র ১০টি ভোটও পাই, দেবিদ্বার ছেড়ে যাব না। এখানকার মাটি-মানুষ-পরিবেশই আমার শক্তি।”
আরও পড়ুনঃ পরপর পাঁচবার ভূমিকম্প নরসিংদীতে: মাত্র ১৩ দিনে
শ্রমজীবী মানুষের ভূমিকা উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, দেশের নেতৃত্ব বরাবরই গড়ে উঠেছে সাধারণ মানুষের হাত ধরে—রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, কৃষিশ্রমিকদের মতো শ্রমজীবী মানুষেরাই সমাজের ভিত্তি। অথচ সমাজের একটি অংশ এই পেশার মানুষকে অবজ্ঞা করে। “আমি সেই অবহেলিত শ্রমজীবী পরিবারের সন্তান হিসেবেই নির্বাচনে এসেছি,” বলেন তিনি।
নারী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে হাসনাত বলেন, শিক্ষিত মা-ই পারে একটি পরিবারকে সঠিক পথে এগিয়ে নিতে। তাই মেয়েদের অল্প বয়সে বিয়ে না দিয়ে শিক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। দেবিদ্বারের সবচেয়ে বড় সংকট হিসেবে মাদক সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় কিছু নেতার ছত্রছায়ায় মাদকচক্র সক্রিয় রয়েছে। “এভাবে চলতে পারে না,” মন্তব্য করে তিনি যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত দেবিদ্বার গড়ার প্রতিশ্রুতি দেন।








