বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল শুক্রবার তিনি লন্ডন রওনা হতে পারেন। বিমানযাত্রায় চিকিৎসকসহ তার সঙ্গে ১৬ জন থাকবেন।
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন। টানা ১২ দিন হাসপাতালে থাকা তিনি গত ৮ দিন সিসিইউতে আছেন। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টের কারণে মেকানিক্যাল ভেন্টিলেশন ও ডায়ালাইসিসের মাধ্যমে চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে কাতার
ঢাকায় চিকিৎসা তত্ত্বাবধানে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। মেডিকেল বোর্ড প্রতিনিয়ত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন। হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা এখনও রয়েছে।
আজ দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি ও বিদেশে নেওয়ার বিষয়টি দলীয় স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে জানাবেন। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়েছে।








