বুধবার, ১৮ মার্চ ২০২৬

সৌদি শ্রমবাজারে প্রবাসীদের জন্য কমছে সুযোগ

প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে দিয়ে মার্কেটিং ও সেলস খাতে সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই দুই খাতে কর্মরত প্রতিষ্ঠানে স্থানীয় নাগরিকদের জন্য ন্যূনতম ৬০ শতাংশ পদ সংরক্ষণ করতে হবে। খবর সৌদি গ্যাজেট।

সোমবার (১৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, মার্কেটিং ও সেলস—উভয় খাতেই যেসব প্রতিষ্ঠানে তিনজন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে মোট কর্মীর অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক হতে হবে। এসব সৌদি কর্মীর ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল। মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষণার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মার্কেটিং খাতে এই সিদ্ধান্তের আওতায় পড়বে মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার এবং পাবলিক রিলেশন্সসহ সংশ্লিষ্ট পদগুলো। বেসরকারি খাতের সব মার্কেটিং প্রতিষ্ঠানের জন্য এই বিধান প্রযোজ্য হবে।

একইভাবে সেলস খাতেও তিন বা তার বেশি কর্মী রয়েছে—এমন সব প্রতিষ্ঠানে ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। এই খাতে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট পদগুলো অন্তর্ভুক্ত থাকবে।

সরকারের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে সৌদি শ্রমবাজার আরও আকর্ষণীয় হবে, মানসম্মত কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং যোগ্য সৌদি নাগরিকদের চাকরির স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *