জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটিকে আরও সক্রিয়, কার্যকর ও সুসংগঠিত করতে দলের নির্বাহী কাউন্সিল সদস্য এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে যুক্ত করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি হিসেবে থাকবেন মনিরা শারমিন। পাশাপাশি মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এছাড়া এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা এই কমিটির সঙ্গে কাজ করবেন।
জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং সার্বিক নির্বাচন ব্যবস্থাপনার সমন্বয় সাধন করবেন।








