সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ডক্টর মুহাম্মদ ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে সহাবস্থান করে আসছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সকল মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।
আরও বলা হয়, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক এবং বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী পূজার এই পবিত্র উপলক্ষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন—শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির জন্য সীমাবদ্ধ না থেকে সমাজের সার্বিক কল্যাণে ব্যবহৃত হয়।
শেষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।








