বুধবার, ১৮ মার্চ ২০২৬

সবশেষ

রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব খোয়ালেন মালয়েশিয়া প্রবাসী

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান জিরো পয়েন্টের সামনে ফুটপাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. কামরুল ইসলাম (৩২) নামে এক মালয়েশিয়া প্রবাসী সর্বস্ব খুইয়েছেন। ভুক্তভোগী কামরুল ইসলাম যশোর জেলার মনিরামপুর উপজেলার পার্খাজুড়া গ্রামের মো. রশীদ আলীর ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী পথচারী আমিনুল জানান, বিকেলে গুলিস্তান জিরো পয়েন্টের ফুটপাতে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সে সময় যুবকের কাঁধে একটি ব্যাগ এবং কোমরে একটি ছোট বেল্ট ব্যাগ ছিল। তখনও তিনি আংশিক সচেতন ছিলেন।

আমিনুল আরও জানান, জিজ্ঞাসাবাদে যুবক জানান তিনি মালয়েশিয়া প্রবাসী এবং সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বাসযোগে যশোরে যাওয়ার পথে ছিলেন। এরপর তিনি আর স্পষ্টভাবে কথা বলতে পারেননি। তবে ওই সময় তিনি জানান, তার সঙ্গে একটি বড় লাগেজ বাক্স ছিল।

প্রত্যক্ষদর্শীর ধারণা, বাসের ভেতর অজ্ঞান পার্টির একটি চক্র নেশাজাতীয় কিছু খাইয়ে ওই যুবকের লাগেজ, মোবাইলসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনাস্থলে শুধু তার কাঁধের ব্যাগ ও কোমরের ছোট বেল্ট ব্যাগটি পাওয়া যায়। বেল্ট ব্যাগ থেকে তার পাসপোর্ট উদ্ধার করা হয়।

এরপর আবার অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

পথচারী আমিনুল আরও জানান, বেল্ট ব্যাগে থাকা মানিব্যাগে কয়েকটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেগুলোতে যোগাযোগ করে ভুক্তভোগীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে মালয়েশিয়া প্রবাসী এক যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *