আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ওইদিন বিকেল ৩টায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে দলটি। রোববার (১ ফেব্রুয়ারি) নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য এ তথ্য জানিয়েছেন।
আসন্ন নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জমজমাট প্রচারণা শুরু করেছে। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন তারা। অন্যদিকে জেলায় জেলায় চলছে নির্বাচনি জনসভা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিও ইতোমধ্যে কয়েকটি জেলায় নির্বাচনি জনসভা করেছে। সবশেষ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় নির্বাচনি জনসভা করবে দলটি। দীর্ঘ ২২ বছর পর এদিন খুলনায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের সংকট, উন্নয়ন ভাবনা ও নির্বাচনি দিক-নির্দেশনা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান।








