লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধভাবে সিল তৈরির ঘটনায় আটক একটি প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি জানান, এক রাজনৈতিক নেতার নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছিল।
স্বীকারোক্তি দেওয়া ওই ব্যক্তির নাম সোহেল রানা (৪০)। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং শহরের মারইয়াম প্রেসের মালিক।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ জানান, জবানবন্দিতে সোহেল রানা বলেছেন- জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের অনুরোধে তিনি সিলগুলো তৈরি করেন। গত ৩০ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিল তৈরির নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
জানা গেছে, সৌরভ হোসেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে দলীয় সূত্র জানায়, ঘটনার সত্যতা সামনে আসার পর সৌরভ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।








