কক্সবাজারের টেকনাফে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ২০–২৫ জন সমর্থক একটি মিনিট্রাক (ডাম্পার) থেকে সড়কে অবস্থান নিয়ে নাচ-গান ও স্লোগান দিচ্ছিলেন। এ সময় উৎসুক লোকজন সেখানে ভিড় করেন। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আশপাশে অবস্থানরত পাঁচজন গুলিবিদ্ধ হন।
গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং লোকজন ছোটাছুটি শুরু করেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেকোরেশন শ্রমিক বাচামিয়া বলেন, “আলীখালীর মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে বিয়ের ডেকোরেশনের কাজ করছিলাম। একটু দূরে বিএনপির একটি প্রচারণা গাড়ি থেকে গান বাজছিল। হঠাৎ গুলির শব্দ শুনি। প্রথমে বারুদের শব্দ ভেবেছিলাম। পরে দেখি আমার হাতে গুলি লেগেছে। কারা গুলি করেছে বুঝতে পারিনি।”
বাঁ পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান জানান, নামাজ শেষে সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে ভোটের প্রচারণা দেখছিলেন তিনি। “হঠাৎ গুলির শব্দ শুনে লুটিয়ে পড়ি। পরে হাসপাতালে নেওয়া হয়,” বলেন তিনি।
গুলিবিদ্ধ শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। রাফির মা ছমিরা বেগম জানান, তিনি মেয়েকে নিয়ে সড়কের পাশে একটি ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাফির পিঠে দুটি গুলি লাগে। অন্যদিকে শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে স্বজনরা জানান।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “অতর্কিত হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, “বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ জনতার ওপর গুলি চালায়।”
হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।








