সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছে যে শহীদ শরীফ হত্যা মামলার বিচারে সরকার কোনোভাবেই বাধাপ্রদান করছে না। প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাটির বিচারিক প্রক্রিয়া সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ন্যায়সংগত ও আইনসম্মত পরিচালনার স্বার্থে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে।

এতে আরও জানানো হয়, জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনি ও প্রাতিষ্ঠানিক দিকগুলো সরকার বিবেচনায় নিচ্ছে। এ বিষয়ে আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।







