বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে ও জনগণের ভাগ্য পরিবর্তনে ‘জনগণের রায় চান’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে প্রচারের শেষে দিনে সোমবার বেলা সাড়ে ১২টায় নিজের আসন ঢাকা-১৭ এর বনানীর কামাল আতাতুর্ক মাঠে এক পথসভার বিএনপি চেয়ারম্যান এই আহ্বান জানান।
তিনি বলেন, “আর দুইদিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের বহু প্রত্যাশিত সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ বহু মানুষ গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছে, জুলাই আন্দোলনে আমরা দেখেছি, কত মানুষকে হত্যা করা হয়েছে…
‘‘ আসুন আমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পুনর্গঠন করা।”
তারেক রহমান বলেন, “আমি খালেদা জিয়ার একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি, প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলি… দেশ যেহেতু আমাদের, তাই কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না।
“এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়ে তুলতে করতে হবে। আমি ঢাকা-১৭ প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই।”
“আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন। আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে… একটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে, আরেকটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার মানুষের সাথে।”








