আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক জানান, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন ৫ জন। এখন পর্যন্ত ২৭৯৫০টি বৈধ অস্ত্র জমা পড়েছে।
এবার নিরাপত্তায় প্রযুক্তি ব্যবহার করা হবে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, ৮০-৯০ ভাগ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জেলায় ড্রোন ক্যামেরা ব্যবহার করার পাশাপাশি ঝুকিপূর্ণ কেন্দ্রে বডিওন ক্যামেরা ব্যবহার করা হবে।
বাহারুল আলম জানান, ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ছাড়াও সাধারণ মানুষের থানায় জমা রাখা অস্ত্রও লুট হয়, সে সংখ্যা ১ হাজারের বেশি। এসব লুট হওয়া অস্ত্র যতই থাকুক সফল নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরাজিত শক্তি এখন আর থ্রেট নয় জানিয়ে তিনি বলেন, এবার নির্বাচনে ১ লাখ ৮৭ হাজারের বেশি পুলিশ দায়িত্ব পালন করবে।







