ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর এক লাখ তিন হাজার, বিমান বাহিনীর তিন হাজার ৫০০ এবং পাঁচটি জেলার ১৭টি আসনে নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। বর্ডার গার্ড বাংলাদেশ থেকে এক হাজার ২১০টি প্লাটুন, অর্থাৎ ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য মোতায়েন থাকবে।
কোস্টগার্ড ১০টি জেলার ১৭টি আসনের ২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে তিন হাজার ৫৮৫ জন সদস্য নিয়োজিত করবে। পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য এবং র্যাবের নয় হাজার ৩৪৯ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ভোটগ্রহণে পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য কাজ করবেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর থেকে এক হাজার ৯২২ জন সদস্যও মোতায়েন করা হবে।








