রাজধানীর মিরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কার দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।
আদালত সূত্রে জানা গেছে, তারা কেন্দ্রের পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা)-এর সহায়তায় ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(২)(বি) অনুযায়ী তাদের প্রত্যেককে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদকের স্ত্রী।








