বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা ৮ আসনে পোলিং এজেন্ট প্রবেশে বাধার অভিযোগ

রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের দুই নম্বর ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠে। পরে সেনাবাহিনীর টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে।

এদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোলাম মোস্তফা নামে শাপলা কলির এজেন্ট প্রবেশ করতে পারেননি। পরে সেনাবাহিনীর একটি দল আসলে তাকে ঢুকতে দেয়।

জানা গেছে, গোলাম মোস্তফা নাসির উদ্দিন পাটোয়ারী শাপলা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ জন্য তার কাছে বৈধ কাগজপত্র থাকলেও ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।

কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গোলাম মোস্তফা বলেন, ‘ভোট শুরুর সময় সকাল সাড়ে সাতটা। আমি শাপলা প্রতীকের পোলিং এজেন্ট। কিন্তু এখনো আমাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অথচ সময় প্রায় শেষ। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছি না। কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নীরব।’

এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন বলেন, ‘বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।’

অন্যদিকে কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আমি বিষয়টি জানার চেষ্টা করছি। কারণটা জানলে পরে বলতে পারব। এখনো বাইরে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়ার সুযোগ হয়নি।

এ ঘটনায় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *