ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বালিয়ার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
পুলিশ জানায়, শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় বাসের চালক গুরুতর আহত অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন সেনাবাহিনীর সার্জেন্ট রেজাউল চিকিৎসাধীন অবস্থায় তারাকান্দা হাসপাতালে মারা যায়। এ সময় এক পথচারী নিহত হন। আহতদের মধ্যে অন্তত সাতজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘দুর্ঘটনায় সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিমসহ তিনজন নিহত হয়েছেন। বাস ওভারকেট করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।’
ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও সড়কে সৃষ্ট যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








