বহদ্দারহাট কাঁচা বাজারের সামনে ভ্রাম্যমাণ ভ্যান গাড়িতে লেবু বিক্রি করেন নাজিম উদ্দীন মহন। তার ভ্যান গাড়িতে লেবু বিক্রি হয়েছে প্রতি হালি ১২০ টাকায়। এ কাঁচাবাজারের একটু ভেতরে একটি দোকানে তুলনামূলক পাকা লেবু ১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এছাড়া হামজারবাগ রাস্তার মুখে এক বৃদ্ধ রাস্তার পাশে চট বিছিয়ে ছোট আকারের লেবু ৮০ টাকা হালিতে বিক্রি করছেন। দুপুর গড়িয়ে বিকেল নামলেও এর চেয়ে কম দামে কোথাও লেবু বিক্রি হতে দেখা যায়নি।
বিক্রেতারা বলছেন, রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ার আগাম প্রভাব বাজারে পড়েছে। ইফতারের অন্যতম জনপ্রিয় পানীয় লেবুর শরবত হওয়ায় ধনী-গরিব সব শ্রেণির মানুষের মধ্যে এ পণ্যের চাহিদা বাড়ে। ফলে রোজা শুরুর আগেই দাম বৃদ্ধিতে নিম্নআয়ের ক্রেতারা চাপে পড়েছেন।
একজন ক্রেতা জানান, ১০০ টাকা পর্যন্ত বলেও এক হালি লেবু কিনতে পারেনি। হঠাৎ করেই বেড়েছে লেবুর দাম। ইফতারের অন্যতম এ অনুষঙ্গ দামের কারণেই কিনতে হিমশিম খেতে হচ্ছে।
বাজারে ছোট পাতি লেবু ৬০ টাকা হালিতে বিক্রি হলেও বড় লম্বা লেবুর দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে। অধিকাংশ গ্রাহককে দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে দরদাম করতে দেখা গেছে।








