সৌদি ফেরত এক নারীর পরিবারের সন্ধান চেয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন বা অভিবাসন নিয়ে কাজ করা বিভাগটি। সেখানে তারা বলেছে-
সৌদি আরব ফেরত এক নারীর পরিবারকে গত সাতদিন ধরে আমরা খুঁজছি। বর্তমানে ওই নারী ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কর্মীদের হেফাজতে রয়েছেন।
ব্র্যাক জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তবে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা ছিলো অসংলগ্ন। তিনি নিজের বাড়ির ঠিকানা কিংবা পরিবারের ফোন নম্বর-কিছুই মনে করতে পারছেন না।
অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা তাঁর সঙ্গে কথা বলেন। পরে তাঁর মানসিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিক নিরাপদ আবাসন ও পরিবারের সন্ধানের জন্য ব্র্যাকের কাছে হস্তান্তর করা হয়।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যাণ্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান-
’গত সাত দিন ধরে ওই নারী আমাদের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে অবস্থান করছেন। ব্র্যাকের মনোসামাজিক কাউন্সেলর ও প্রশিক্ষিত কর্মীরা তাঁর সঙ্গে নিয়মিত কথা বলার চেষ্টা করছেন। তবে তিনি নিজের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। তাঁর কাছে কোনো পাসপোর্ট, পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। তাঁর কাছে শুধু বিমানের একটা টিকিট ছিল। সেখানে প্রাথমিক পরিচয় রিজিয়া বেগম, পিতা/স্বামী: আব্দুর নুর শুধু এতোটুকু উল্লেখ আছে। ধারণা করা হচ্ছে, তিনি জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেইফ হোম থেকে দেশে ফিরেছেন। তবে তিনি নিজেকে মুসলিম এবং সৌদি এই দুটো শব্দ ছাড়া আর কিছুই বলছে না। এই নারীর পরিবারকে খুঁজে পেতে আমরা গণমাধ্যমসহ সবার সহায়তা চাইছি।’
যদি কেউ এই নারীর পরিচয় বা তাঁর পরিবারের সন্ধান জানেন, তবে অবিলম্বে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যাবস্থাপক আল আমিন নয়নের এই নম্বরে ০১৭১২-১৯৭৮৫৪ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ব্র্যাক।








