রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে : মেহজাবীন চৌধুরী

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দাবি করেছেন, সম্প্রতি একটি মহল পরিকল্পিতভাবে তাকে নানা বিষয়ে ‘টার্গেট’ করছে এবং মানহানির চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৯ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসে মেহজাবীন লেখেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”

স্ট্যাটাসে অভিনেত্রী আরও উল্লেখ করেন, “আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে- যা একেবারেই কাম্য নয়।”

মেহজাবীন বলেন, “নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে, তা আমার জানা নেই।”

তিনি স্পষ্ট করে জানান, “আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।”

অভিনেত্রীর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ সাম্প্রতিক অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কে আলোচনায় ছিলেন মেহজাবীন চৌধুরী। কয়েক মাস আগে পারিবারিক ব্যবসায় অংশীদারিত্বের নামে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আইনি জটিলতায় পড়লেও পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান তিনি।

এছাড়া সম্প্রতি একটি সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত খবরে দাবি করা হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় মদের বোতলসহ আটক হয়েছিলেন মেহজাবীন ও তার স্বামী। যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায়নি। এসব অভিযোগ ও গুঞ্জনের প্রেক্ষিতেই নিজের মানহানির দাবি তুলে সরাসরি অবস্থান নিলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *