ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার জন্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অন্তর্বর্তী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুই দেশের প্রধান বাণিজ্য আলোচকদের নেতৃত্বে তিনদিনব্যাপী একটি বৈঠক আগামী ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্ত রূপ দিতে ভারতীয় প্রতিনিধিদলের ওয়াশিংটন সফরটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রভাব বিশ্লেষণের পর অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, উভয় পক্ষের জন্য সুবিধাজনক একটি নতুন তারিখ নির্ধারণ করে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়া হবে।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বৈশ্বিক শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগের দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে বড় ধরনের আইনি ধাক্কার মুখে পড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুল্ক সংক্রান্ত হাস্যকর, দুর্বলভাবে প্রণীত এবং চরমভাবে আমেরিকাবিরোধী সিদ্ধান্ত দিয়েছে। বিস্তারিত পর্যালোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি অবিলম্বে ১০ শতাংশ বৈশ্বিক শুল্কহার বৃদ্ধি করে ১৫ শতাংশে উন্নীত করছি।’
এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। আদালত উল্লেখ করে, জরুরি ক্ষমতা ব্যবহার করে ব্যাপক আমদানি শুল্ক আরোপের ক্ষেত্রে নির্বাহী বিভাগ সংবিধানসম্মত ক্ষমতার সীমা অতিক্রম করেছে।
সূত্র: এনডিটিভি








