রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার আব্দুর রহিম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় আব্দুর রহিমকে রাত সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা বিআইডব্লিউটিএ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রকল্পের ভেতরে রড চুরির সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।








