সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র‌্যাপ, স্বামীসহ গ্ৰেপ্তার ৩

বরিশালে স্ত্রীকে দিয়ে হানিট্র‌্যাপের অভিযোগে ওই নারীর স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর পৃথক পৃথক জায়গা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন, জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের হাকিম পেদার ছেলে ঝাড়ুদার শাহিন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালক গ্রামের কবির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার ও বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলালগুনি গ্রামের মকবুল জোমাদ্দারের ছেলে সাইফুল ইসলাম। এদের মধ্যে ঝাড়ুদার শাহিন এর আগেও একাধিকবার মাদক ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হন।

পুলিশ সূত্রে জানা যায়, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে হানিট্র‌্যাপ সাজিয়ে বিভিন্ন মানুষের টাকা হাতিয়ে নিতেন। গত ১১ ফেব্রুয়ারি ভোলা জেলার দৌলতখান উপজেলার সুলতান দারোগার ছেলে ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করেন ঝাড়ুদার শাহিনের স্ত্রী। তার সঙ্গে পরিচয়ের এক পর্যায়ে তাকে বরিশাল আসতে বলেন। এরপর ফয়জুল বরিশালে এলে নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায় তাকে নিয়ে যান শাহিনের স্ত্রী। বাসায় নিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

ওসি মামুন আল ইসলাম বলেন, নারীর ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। ওই অভিযোগের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *