ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, “আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ ফেরত নিন।”
তিনি জানান, ব্যাংকের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিরা একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। যারা সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়েছেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে ফেললেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।
এ ছাড়া বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া ব্যক্তিদের জন্য আলাদা ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. তাসনিম জারা জানান, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ, ২০২৬। পোস্টের শেষে তিনি সবার আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।








