মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

যুক্তরাষ্ট্রের মার্চ মাসের নিরাপত্তা পরিষদের ঘূর্ণমান সভাপতির দায়িত্বের অংশ হিসেবেই ১৫ সদস্যের এই সংস্থার অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন তিনি। সাধারণত জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত বা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারাই এসব বৈঠকে নেতৃত্ব দেন।

বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্র এই পদক্ষেপ সম্পর্কে বলেছেন, এটি প্রতিফলিত করছে যে ‘নিরাপত্তা পরিষদ এবং আলোচ্য বিষয়টির প্রতি যুক্তরাষ্ট্র গুরুত্ব আরোপ করছে।’ হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বৈঠকে সংঘাত পরিস্থিতিতে শিশু, প্রযুক্তি ও শিক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

সাম্প্রতিক জাতিসংঘের তথ্যমতে, নির্ধারিত চাঁদা বাবদ সংস্থাটির কাছে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার বকেয়া রয়েছে। ট্রাম্প বারবার জাতিসংঘকে ‘অকার্যকর’ বলে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের একাধিক সংস্থা ও আন্তর্জাতিক চুক্তি থেকে প্রত্যাহার করেছেন। পাশাপাশি তিনি নিজস্ব বিকল্প কূটনৈতিক উদ্যোগও এগিয়ে নিয়েছেন। এমন পরিস্থিতিতে মেলানিয়া ট্রাম্পের এই সভাপতিত্ব রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *