যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো সংলাপে বসবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। মার্কিন গণমাধ্যমে ইরান আলোচনার অনুরোধ করেছে—এমন দাবি প্রকাশিত হলেও তা নাকচ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবআলী লারিজানি। এ তথ্য জানিয়েছে আল জাজিরার।
আরী লারিজানি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে না এবং ইরান আত্মরক্ষা করছে। তিনি আরও বলেন, তার দেশের সশস্ত্র বাহিনী এই যুদ্ধ শুরু করেনি।
ইরান কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করবে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, দেশটি এরই মধ্যে দুবার কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করেছে।
একবার ২০২৫ সালে আলোচনার সময় মার্কিন-ইসরায়েলি হামলার কারণে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছিল। এখন একইভাবে দেশটি আবারও আক্রমণের মুখে পড়েছে যখন আমরা যুক্তরাষ্ট্র এবং আইএইএ-এর সঙ্গে দুটি নতুন আলোচনার আশা করছিলাম। এখন এটি স্পষ্ট নয় যে, এই অচলাবস্থার কোনো কূটনৈতিক সমাধান হবে কি না।
অন্যদিকে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলের অংশীদাররা নিজেদের নিরাপত্তায় আরও সহযোগিতা চেয়েছে। সমন্বিত প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে টহল দিচ্ছে এবং ইতোমধ্যে ইরানের কিছু হামলা প্রতিহত করেছে।








