ব্রিটিশ সেনাদের ওপর আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে এসব ড্রোন লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য।
সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের সরকারি মুখপাত্র কনস্টান্টিনোস লেটিম্বিওটিস জানান, সাইপ্রাসে আকরোতিরি সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হওয়া দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোন দুটি ঘাঁটির দিকে এগিয়ে আসছিল এবং সেগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।
এর আগে সাইপ্রাসের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, স্থানীয় সময় দুপুরের কিছু পরেই আরএএফ আকরোতিরি ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে। তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।
এর আগে রোববার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটিকে নিশানা করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানান যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি। দেশটিতে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা মনে করি না ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি প্রমাণ করে যে অঞ্চলজুড়ে এক শাসনব্যবস্থার পক্ষ থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হচ্ছে, যা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে।
তিনি জানান, শনিবার ইরানের হামলায় ছোড়া ক্ষেপণাস্ত্রের কয়েকটি বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের অবস্থান থেকে মাত্র কয়েকশ গজ দূরে আঘাত হেনেছে।








