কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা। সোমবার (২ মার্চ) সকাল থেকে ‘জুলাই যোদ্ধা ও কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করে তাকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ চলাকালে জেলা প্রশাসক একটি সভায় যোগ দিতে কার্যালয় থেকে বের হলে বিক্ষোভকারীরা গাড়িসহ তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে যোহরের নামাজ ও জরুরি বৈঠকের বিষয়টি উল্লেখ করে অনুরোধ করলে শিক্ষার্থীরা তাকে গাড়িসহ চলে যেতে দেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুষ্টিয়াসহ দেশের আরও চার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার পূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।








