সৌদি আরবে নিযুক্ত মার্কিন সরকারের জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।
সোমবার (৯ মার্চ) স্থানীয় সময় ভোরে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ড্রোন হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই নির্দেশনা দেয়।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর এ প্রথমবারের মতো দূতাবাস কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র।
সৌদি আরবে ইরানের হামলা জোরদারের মধ্যে এই নির্দেশনা এল। রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল খারিজ এলাকায় একটি বেসামরিক আবাসিক স্থাপনায় সামরিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন।
এছাড়া রাজধানী রিয়াদসহ একটি বিমানঘাঁটি, একটি তেলক্ষেত্রে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ব্যর্থ করার কথা জানিয়েছে সৌদি আরব।
এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। রিয়াদ সতর্ক করে বলেছে, ইরান যদি আরব দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা অব্যাহত রাখে, তাহলে তেহরানই এর ‘সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত’ হবে।
সোমবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের বিশাল শায়বা তেলক্ষেত্র লক্ষ্য করে অন্তত চারটি ড্রোন হামলার পর রিয়াদ তেহরানকে এই সতর্কবার্তা দিলো।








