সোমবার, ৯ মার্চ ২০২৬

অস্কারজয়ী চিত্রনাট্যকার জেরেমি লার্নার আর নেই

হলিউডে রাজনৈতিক নাটকধর্মী চলচ্চিত্রের চিত্রনাট্যে যিনি আলাদা পরিচিতি তৈরি করেছিলেন, সেই অস্কারজয়ী লেখক ও চিত্রনাট্যকার জেরেমি লার্নার আর নেই। ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি নার্সিং সেন্টারে তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে তার শরীরে লিম্ফোমা ধরা পড়ে। এছাড়া ২০১৩ সাল থেকে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন। যদিও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

১৯৩৭ সালের ২০ মার্চ নিউইয়র্কের ওলিয়ানে জন্মগ্রহণ করেন লার্নার। তিনি ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে স্নাতক সম্পন্ন করেন। এরপর ১৯৬০–এর দশকে লেখালেখির জগতে সক্রিয় হন। ১৯৬৪ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ড্রাইভ, হি সেইড এবং পরে সেতীকে চলচ্চিত্রে রূপ দেন জ্যাক নিকলসন।

চলচ্চিত্রের পাশাপাশি সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। তার লেখা প্রকাশিত হয়েছে হার্পার’স ম্যাগাজিন, দ্য প্যারিস রিভিউ এবং লাইফ ম্যাগাজিন–এর মতো খ্যাতনামা সাময়িকীতে। ১৯৭২ সালে মুক্তি পাওয়া রাজনৈতিক নাটকধর্মী চলচ্চিত্র দ্য কান্ডিডেট–এর চিত্রনাট্য লিখে ব্যাপক প্রশংসা পান লার্নার। সিনেমাটিতে অভিনয় করেন রবার্ট রেডফোর্ড। এই চলচ্চিত্রের জন্য তিনি জিতে নেন শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার।

মজার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় কাজ করার অভিজ্ঞতা থেকেই তিনি এই চলচ্চিত্রের গল্প লেখার অনুপ্রেরণা পান। ১৯৬৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রাজনীতিবিদ ইউজিন ম্যাকার্থির প্রচারণা দলে বক্তৃতা লেখক হিসেবে কাজ করেছিলেন।

চলচ্চিত্র, সাহিত্য ও রাজনীতির ভিন্ন ভিন্ন অঙ্গনে লেখার মাধ্যমে নিজের ছাপ রেখে গেছেন জেরেমি লার্নার। বিশেষ করে বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতাকে সিনেমার গল্পে রূপ দেয়ার দক্ষতার জন্য তিনি আজও স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে হলিউডের এক গুরুত্বপূর্ণ সৃজনশীল কণ্ঠস্বর হারাল চলচ্চিত্রজগত।

সূত্র: মিড ডে  ও ডেডলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *