সোমবার, ৯ মার্চ ২০২৬

রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষে নিহত ৩, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলায় ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চণ্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন-নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশাচালক শরিফুল ইসলাম, একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে যাত্রী বিধান দাস এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম।

আহতদের মধ্যে রয়েছেন রকেনা বেগমের ছেলে শাহাজান আলী এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, নওপাড়া গ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি বাঘার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ও ক্ষতিগ্রস্ত দুটি যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *