গত ২৪ ঘণ্টায় ইরাকে ও আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ৩৭টি অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন। ইরানি বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পার্স-টুডে।
ইসলামী প্রতিরোধ আন্দোলন জানিয়েছে, এসব অভিযানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে তাদের সশস্ত্র গ্রুপগুলো।
তারা আরও বলছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুদের অবস্থানগুলোতে আঘাত হেনেছে। এই জোট এর চেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।এর আগে ‘রেজাল আলবাস আশশাদিদ’ ও ‘আসহাবে কাহাফ’ নামের দু’টি গ্রুপ বলেছিল যে, তারা সৌদি আরব ও বাহরাইনে মার্কিন সেনা-ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে যে, অঞ্চলে মার্কিন সেনা-উপস্থিতির প্রতিবাদে এবং তাদের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে।








