ইরানের সন্দেহভাজন একটি ড্রোন ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক স্থাপনায় আঘাত হেনেছে। এ বিষয়ে অবগত দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ড্রোনটি বাগদাদ ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টারে আঘাত হানে। বাগদাদ বিমানবন্দরের কাছে অবস্থিত এই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের বড় ধরনের লজিস্টিক ও অপারেশনাল সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সূত্রগুলোর একটির মতে, ড্রোনটি একটি প্রহরী টাওয়ারের কাছাকাছি আঘাত হানে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের জবাবে ইরান সম্প্রতি অঞ্চলে মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। এর আগে ওয়াশিংটন পোস্ট হামলার খবরটি প্রথম প্রকাশ করে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরাকে অবস্থানরত জরুরি নয় এমন মার্কিন কর্মীদের দেশ ছাড়ার নির্দেশ দেয়।
মঙ্গলবার এক নিরাপত্তা সতর্কবার্তায় বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, ‘সতর্ক থাকুন, অযথা দৃষ্টি আকর্ষণ এড়িয়ে চলুন এবং এমন জায়গা থেকে দূরে থাকুন যা আপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।’
সতর্কবার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র–সম্পর্কিত এলাকা বা মার্কিন নাগরিকদের জমায়েত ঝুঁকি বাড়াতে পারে। ইরাকে অতীতেও মার্কিন নাগরিক ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনার ওপর হামলার ঘটনা ঘটেছে এবং অপহরণের ঝুঁকিও রয়েছে।
সূত্র: সিএনএন








