ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে অস্থির হয়ে ওঠা তেলের বাজারকে বাগে আনতে মজুদ থেকে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ তেল বাজারে ছাড়ার প্রস্তাব করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা– আইইএ।
কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এইইএর সদস্য দেশগুলো দুই দফায় ১৮২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাজারে ছেড়েছিল। এবার তার চেয়েও বেশি তেল বাজারে ছাড়ার প্রস্তাব করা হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা মঙ্গলবার তাদের সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জরুরি বৈঠক ডাকে। বুধবার ওই প্রস্তাবের বিষয়ে দেশগুলো সিদ্ধান্ত দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সদস্য দেশগুলো সম্মতি দিলে প্রস্তাবটি পাস হবে। তবে একটি দেশও যদি আপত্তি তোলে, তাহলে এই পরিকল্পনা বিলম্বিত হতে পারে।
এ বিষয়ে আইইএ কিংবা হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ওই প্রস্তাবের খবরে ফিউচার মার্কেটে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।
অবশ্য জি-সেভেন দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা মঙ্গলবার কৌশলগত মজুদ থেকে সরাসরি তেল ছাড়ার বিষয়ে একমত হতে পারেননি। বরং সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি মূল্যায়ন করতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থাকে অনুরোধ করেছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ায় অপরিশোধিত তেলের দাম সোমবার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুতই শেষ হতে পারে বলে আশা দিলে মঙ্গলবার তেলের দাম কিছুটা কমে আসে।








