তেলবাহী ট্যাংকারে হামলার জেরে সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরাক। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম সচল রেখেছে দেশটি।
দেশটির জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি জানান এ তথ্য।
তিনি বলেন, আপাতত সবগুলো তেল টার্মিনালের কার্যক্রম বাতিল করা হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোয় চলবে স্বাভাবিক কার্যক্রম।
বুধবার (১১ মার্চ) আল ফাও বন্দরের কাছে বিস্ফোরক বোঝাই বোট থেকে হামলা চালানো হয় দুটি বিদেশি ট্যাংকারে। এতে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় নিহত হয়েছে একজন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৮ জনকে। নিখোঁজ আরও বেশ কয়েকজন।
ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে।
সূত্র: আলজাজিরা








