শনিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানায়, উত্তর কোরিয়ার সুনান এলাকার কাছ থেকে অজ্ঞাত ধরনের প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছোড়া হয়।
জেসিএস এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ ও সক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
এর আগে ১০ মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে নতুন একটি ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই এবং জাহাজটির নাবিকদের দ্রুত নৌবাহিনীতে মোতায়েনের প্রস্তুতি হিসেবে দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম। এছাড়া দেশের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করাও পরীক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল।








