শনিবার, ১৪ মার্চ ২০২৬

হুমকির মুখে আইপিএল!

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন অঞ্চলেও পড়তে শুরু করেছে। পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনার জেরে নতুন করে আলোচনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আমেরিকা–ইসরায়েল–ইরান ইস্যু ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ভারতে এলপিজি গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে আগামী ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকা কোটি টাকার এই টুর্নামেন্টকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

যদিও গ্যাস সংকটের সঙ্গে আইপিএলের সম্পর্ক কী, এ প্রশ্ন উঠতেই পারে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, স্টেডিয়ামের ফ্লাডলাইট পরিচালনার জন্য জ্বালানির প্রয়োজন হয় এবং হাজার হাজার অতিথির জন্য হোটেলগুলোতে প্রতিদিন রান্নার ব্যবস্থাও রাখতে হয়। এলপিজি সরবরাহে ঘাটতিতে এসব কার্যক্রম ব্যাহত হতে পারে। পাশাপাশি পশ্চিম এশিয়ার আকাশপথে বিভিন্ন বিধিনিষেধ থাকায় বিদেশি ক্রিকেটারদের ভারতে পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে।

যেখানে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ভারত থেকে দেশে ফেরার সময়ও জটিলতার মুখে পড়েছিল। এর সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কাও যোগ হচ্ছে, যা দলগুলোর এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচ আরও বাড়িয়ে দিতে পারে।

এ নিয়ে বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হোটেল মালিকদের সঙ্গে কথা বলছেন তারা। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি আরও খারাপ না হলে আইপিএল সূচিতে কোনো পরিবর্তন হবে না।

এ নিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, ‘আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তবে প্রয়োজন অনুযায়ী, আমরা সঠিক সিদ্ধান্ত নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *