রবিবার, ১৫ মার্চ ২০২৬

সবশেষ

কমলাপুর থেকে সময়মতো ছাড়ছে ট্রেন, ঘরমুখো যাত্রীর ভিড়

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে অনেকেই পরিবারসহ গ্রামের পথে রওনা হচ্ছেন।

রোববার (১৫ মার্চ) সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। স্টেশনে যাত্রীদের ব্যাপক উপস্থিতি থাকলেও ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।

গত কয়েক বছরের মতো ট্রেন দেরিতে ছাড়ার চিরাচরিত চিত্র এবার দেখা যায়নি। অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক আগেভাগেই সন্তানদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে কয়েকটি ট্রেনের বগিতে নম্বর না থাকায় নির্দিষ্ট আসন খুঁজে পেতে কিছু যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানা গেছে।

ঈদের আগে বাড়ি যাওয়ার পাশাপাশি উৎসব শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতিও শুরু হয়েছে। ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন চলছে আজ। রোববার সকাল থেকে অনলাইনে ২৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

যাত্রীদের সুবিধা ও কালোবাজারি ঠেকাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের এবং ১৪ মার্চ বিক্রি হয়েছে ২৪ মার্চের টিকিট। এছাড়া ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ২৬ থেকে ২৯ মার্চের টিকিট পাওয়া যাবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *