হরমুজ প্রণালির ওপর নিজেদের ভৌগোলিক আধিপত্যকে সুকৌশলে কাজে লাগাচ্ছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর সুবাদে তারা আমেরিকাকে এমন এক ‘অসম যুদ্ধে’ টেনে এনেছে, যা কার্যত অনির্দিষ্টকাল ধরে চলতে পারে বলে মনে করছেন লন্ডনের কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ।
আল জাজিরাকে ক্রিগ বলেন, ‘তারা (আইআরজিসি) মূলত অস্থিরতা তৈরি করে ধৈর্য ও সহনশীলতার এক দীর্ঘমেয়াদি খেলা শুরু করেছে।’
তিনি আরও বলেন, ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তার ভৌগোলিক অবস্থান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জ্বালানি সরবরাহ পথ বা ‘এনার্জি চোকপয়েন্ট’-এর উত্তর উপকূল তেহরানের দখলে।
এই কৌশলগত সুবিধাকে ব্যবহার করেই ইরান বিশ্ব অর্থনীতি ও আমেরিকার কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেন ক্রিগ ।
ক্রিগের মতে, ইরান একইসঙ্গে বুঝিয়ে দিচ্ছে যে, এই অচলাবস্থা তারা অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যেতে সক্ষম। ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্যরা যত দ্রুত এই নৌপথকে বাধামুক্ত করার যে দাবি করছেন, বাস্তবে কোনো প্রথাগত সামরিক বাহিনী বা রাষ্ট্রেরর পক্ষে রাতারাতি তা করা কার্যত অসম্ভব।








