মাগুরায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি–এর জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচনকে ঘিরে মাঠ গরম হতে শুরু করেছে। এরই মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একটি গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাগুরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে নির্বাচন কমিশন জানায়, ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট আহমেদ হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, তবুও সবার দোয়া চাই। আগামী ৩১ মার্চের ভোট যেন অবাধ ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে আমি সংশ্লিষ্ট সবার পাশে থাকব।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাধারণ কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ মাগুরা জেলা অডিটোরিয়াম মিলনায়তনে সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ওজিএম) শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ভোটের মাধ্যমেই বাকি পদগুলোর প্রতিনিধি নির্বাচন করা হবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইলিয়াছুর রহমান, নির্বাচন কমিশনার মো. আখতার হোসেন এবং অ্যাডভোকেট মো. শাহেদ হাসান টগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিটের আজীবন সদস্য মো. মাসুদ হাসান খান কিজিল, সিকদার মনজুরুল আলম, শামীম শরীফ, ডা. মাকসুদুল হক এবং ইউনিটের সচিব এমডি ওবায়দুল ইসলাম পারভেজ।








