বুধবার, ১৮ মার্চ ২০২৬

সবশেষ

দুপক্ষের শীর্ষ নেতারা নিশানায়, পাল্টাপাল্টি হামলা অব্যাহত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ নেতাদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, তা ১৮ দিন পরও একই কক্ষপথে আবর্তিত। গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, সোমবার রাতে তাদের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। এ ছাড়া নিহত হন ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানি।

ইরান সোলাইমানি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও লারিজানির বিষয়টি নিশ্চিত করেনি। দেশটির গণমাধ্যম প্রেসটিভি অনলাইন গতকাল আলি লারেজানির হাতে লেখা একটি চিরকুট প্রকাশ করেছে। এতে মার্কিন হামলায় নিহত ইরানের নৌ সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিন্দা করা হয়েছে। এর আগে ইরান বলেছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি বেঁচেও থাকেন, তাঁকে লক্ষ্যবস্তু করা হবে। এক সপ্তাহের বেশি সময় ধরে নেতানিয়াহু গণমাধ্যমসহ জনসমক্ষে উপস্থিত না হওয়ার প্রেক্ষাপটে ইরান এ মন্তব্য করেছে।
নেতানিয়াহুকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের গুঞ্জন উঠছে। অনেকে বলছেন, একটি বৈঠকে থাকা অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি ও তাঁর সরকারের কট্টরপন্থি মন্ত্রী বেন গাভির নিহত হয়েছেন। তবে ইসরায়েল বারবার এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। তারা একাধিক ভিডিও প্রকাশ করে নেতানিয়াহু বেঁচে থাকার প্রমাণ দিতে চাইছে। তবে অনেকে বলছেন, এসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো।

গত সোমবার রাতভর তেহরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। গতকাল এক বিবৃতিতে কাৎজ দাবি করেন, তাদের হামলায় আলি লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানি নিহত হয়েছেন। তিনি বলেন, তিনি ও তাঁর প্রধানমন্ত্রী (বেনিয়ামিন নেতানিয়াহু) ইরানের নেতাদের খুঁজে বের করার অভিযান অব্যাহত রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দশক ধরে আলি লারিজানি ইরানের ক্ষমতা কাঠামোর শান্ত ও বাস্তববাদী হিসেবে পরিচিত। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের ওপর বই লিখেছেন, পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তবে গত ১ মার্চ ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের ৬৭ বছর বয়সী এ সেক্রেটারির কথার ধরন বদলে যায়। তিনি আলি খামেনি হত্যার জবাব কঠোর ভাষায় দেওয়ার হুঁশিয়ারি দেন।

কারও সাহায্যের প্রয়োজন নেই, ক্ষোভ ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে ন্যাটো মিত্রদের ওপর নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র দেশগুলোর বেশির ভাগই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না। ট্রুথ সোশ্যালে এ কথা লিখেছেন ট্রাম্প। তবে  মিত্রদের আচরণে আশ্চর্য না হওয়ার কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ন্যাটোকে তিনি সবসময়ই ‘একতরফা সুবিধাবাদী’ হিসেবে বিবেচনা করে এসেছেন। ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, যুদ্ধে যেহেতু আমরা ব্যাপক সামরিক সাফল্য অর্জন করেছি, তাই আমাদের আর ন্যাটোর সহায়তার কোনো প্রয়োজন নেই। জাপান, অস্ট্রেলিয়া বা দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে ন্যাটো মিত্রসহ অন্যান্য দেশের সহযোগিতা কামনা করেছিলেন ট্রাম্প। তবে বিভিন্ন দেশের তরফ থেকে সহযোগিতার সে আহ্বানে তেমন সাড়া মেলেনি। জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, পোল্যান্ডসহ বেশ কিছু দেশ ট্রাম্পের আহ্বানে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠানো বা সেনা পাঠানোর আহ্বান নাকচ করে দিয়েছে।

যুদ্ধের প্রতিবাদে মার্কিন কর্মকর্তার পদত্যাগ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। আলজাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে তিনি পদত্যাগ করেন। জো কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে বলেন, ‘আমার বিবেক ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করে না।’ এই চিঠি এক্সে পোস্ট করা হয়েছে। কেন্ট আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট যে, আমরা ইসরায়েল ও তাদের প্রভাবশালী মার্কিন লবির চাপে এ যুদ্ধে লিপ্ত হয়েছি।’
কেন্টের পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক জবাব এসেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, কেন্ট তার পদত্যাগপত্রে অনেক মিথ্যা দাবি করেছেন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করতে যাচ্ছিল– সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জোরালো ও অকাট্য প্রমাণ ছিল।

সামরিক সমাধানে ‘অত্যন্ত আত্মবিশ্বাসী’ হোয়াইট হাউস
আলজাজিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী ও হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাইয়ের সঙ্গে কথা বলেছে। দেশাই বলেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী– চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ইরান সংকটের সামরিক সমাধান দেখতে পাব।’ তিনি দাবি করেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র বিস্ময়কর অগ্রগতি করেছে। দেশাই বলেন, ট্রাম্প অর্থনৈতিক প্রভাব প্রশমিত করার জন্য একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, যার মধ্যে রাজনৈতিক ঝুঁকি বীমা প্রদানও অন্তর্ভুক্ত, যাতে পণ্যবাহী জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল শুরু করতে পারে। দেশাই বলেন, ‘আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী। আমরা খুব দ্রুত এই স্বল্পমেয়াদি বাধাগুলো কাটিয়ে উঠব এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসব।’

ড্রোন হামলায় আমিরাতের গ্যাসক্ষেত্রের কার্যক্রম স্থগিত
সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাস ফিল্ডে গতরাতে ড্রোন হামলা হয়েছে। এরপর থেকে এর কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বিবিসি জানায়, আবুধাবি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ গ্যাস ক্ষেত্র ছাড়াও ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনাগুলোতে ফের হামলা চালানো হয়েছে। এতে আগুন ধরে যায়। এ ছাড়া ফুজাইরাহ বন্দর থেকে ৪২ কিলোমিটার পূর্বে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। এতে জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এসব হামলার পর আরব আমিরাতের প্রাত্যহিক তেল উৎপাদন অর্ধেকে নেমে গেছে। এ ছাড়া হরমুজ প্রণালি বন্ধ থাকায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি তাদের উৎপাদন ব্যাপক হারে কমাতে বাধ্য হয়েছে।

ইসরায়েল ও মার্কিন দূতাবাসসহ বিভিন্ন স্থাপনায় হামলা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা গতকাল মঙ্গলবারও ইসরায়েলের বেইত শেমেশ, তেল আবিব ও অধিকৃত জেরুজালেমের বিভিন্ন এলাকায় তাদের ৫৯তম দফার হামলা সম্পন্ন করেছে।
গতকাল সকালে গ্রিন জোনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে হামলা করা হয়। অন্তত একটি ড্রোন ভেতরে গিয়ে আঘাত হানে। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি অন্তত তিনটি ড্রোনকে মার্কিন দূতাবাসের দিকে উড়তে দেখেছেন। এর মধ্যে দুটি ভূপাতিত করা হলেও একটি দূতাবাস চত্বরে আঘাত হানে। ইরাকের নিরাপত্তা সূত্র জানায়, যুদ্ধ শুরুর পর এটি ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।

আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আরেকজন নিহত
আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গতকাল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, গত রাতে আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আঘাত পেয়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হন। এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ঘটনাটি ঘটে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ইরান মূলত সংযুক্ত আরব আমিরাতের পরিবহন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ঘটনায় আগুন লাগার পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।  হামলায় বড় তেল সংরক্ষণ কেন্দ্র ফুজাইরাহ বন্দরেও আগুন লেগে যায়।

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের দুই সেনা নিহত
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, জেবদিন ও নাবাতিয়ার মধ্যবর্তী সড়কে মোটরসাইকেলে ভ্রমণের সময় সেনাদের ওপর হামলা চালানো হয়। অপর একটি ঘটনায় দক্ষিণ লেবাননের কাকাইয়াত আল-জিসরে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। লেবাননে এতদিন হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করলেও এবার সেনাদেরও টার্গেট করা হচ্ছে।

ইরানে বোমা হামলা নিরর্থক, বলছেন মার্ৎস
ইরানের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্ৎস। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইরানে বোমা ফেলে ক্ষমতার পরিবর্তন আনা সম্ভব হবে না। এ যুদ্ধ থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পরিকল্পনা না থাকায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার হওয়া উচিত ইরানে। তবে বোমা ফেলে এটাকে নিশ্চিহ্ন করা নিরর্থক।

সাড়ে ৪ কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে পারে: বিশ্ব খাদ্য কর্মসূচি
আলজাজিরা জানিয়েছে, ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শুরু করা যুদ্ধ জুন মাস পর্যন্ত চললে আরও সাড়ে চার কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব খাদ্য কর্মসূচি। তাদের সাম্প্রতিক এক বিশ্লেষণে বিষয়টি উঠে এসেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের বলেন, খাদ্য, তেল ও শিপিং খরচ বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ তীব্র ক্ষুধার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র ক্ষুধার বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বর্তমানে রেকর্ড ৩১ কোটি ৯০ লাখ থেকে বেড়ে যাবে।

ইরানে ১০ ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তার
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ১০ জন বিদেশি গুপ্তচর গ্রেপ্তার করার দাবি করেছে আইআরজিসি। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে, ‘১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি-বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন।

কে এই আলি লারিজানি
আলি লারিজানি ইরানে প্রভাবশালী। বিবিসি জানায়, ২০২৫ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁকে এসএনএসসির সচিব ও পরিষদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। ইরানের গণমাধ্যমগুলোতে তাঁকে প্রয়াত সর্বোচ্চ নেতার উপদেষ্টা ছিলেন বলেও পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি ২০০৮ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ভাই সাদেঘ লারিজানি দেশটির আরেক প্রভাবশালী নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *