বুধবার, ১৮ মার্চ ২০২৬

ঈদযাত্রা: যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরছেন কর্মজীবী মানুষ। যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কসহ উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে নেমেছে ঘরে ফেরা মানুষের ঢল। ফলে সেতুতে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৭ হাজার যানবাহন চলাচল করেছে সেতু দিয়ে।

এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৯ লাখ টাকারও বেশি।বুধবার (১৮ মার্চ) দুপুরে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে তিন কোটি ৩৯ লাখ চার হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। সেতুর পূর্ব টোল প্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২৭ হাজার ৪৯৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

অপরদিকে পশ্চিম টোল প্লাজায় ১৯ হাজার ৪৪৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ চার হাজার ৮০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, মঙ্গলবার ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে। বর্তমানে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করছে। গাড়ির বাড়তি চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজার প্রান্তে দুটি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে।

নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *