বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সবশেষ

হরমুজ প্রণালীতে চলাচলে ছাড় পাবে বাংলাদেশসহ ৬ দেশ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীতে বাংলাদেশসহ এশিয়ার ছয়টি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, অনুমোদিত জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে এবং তাদের ওপর কোনো হামলা চালানো হবে না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকে প্রণালীটি কঠোর নিয়ন্ত্রণে রেখেছে তেহরান। তবুও এটি পুরোপুরি বন্ধ নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

তিনি বলেন, বিভিন্ন দেশের জাহাজমালিক ও সংশ্লিষ্ট সরকার নিরাপদ চলাচলের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কসহ বিভিন্ন বিবেচনায় কিছু দেশের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে এবং সশস্ত্র বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করছে।

আরাগচি আরও জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের জাহাজ ইতোমধ্যে প্রণালীটি অতিক্রম করেছে। বাংলাদেশও এ বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেছে। যুদ্ধের পরও এই যোগাযোগ এবং সমন্বয় চলবে।

তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান।

বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটি যুদ্ধক্ষেত্র হলেও নির্দিষ্ট দেশগুলোর জন্য পথ খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *