রবিবার, ২৯ মার্চ ২০২৬

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না, ঝরে গেল আরও ২ প্রাণ

ভোরের শান্ত সকালেই দিনাজপুরে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যেখানে প্রাণ হারিয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।

রবিবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার চন্ডিপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হেরিট্যাজ পরিবহনের একটি স্লিপার বাস চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা উদ্ধার অভিযান চালিয়ে বাসের ভেতর থেকে আহতদের বের করে আনেন।

এ ঘটনায় নিহত দুই যাত্রীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ছয়জনকে গুরুতর অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আতাউর রহমান জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মোশারফ হোসেন বাবুল, তিনি বাসের যাত্রী ছিলেন এবং তার বাড়ি পঞ্চগড়ে। অপর নিহত ব্যক্তি বাসচালকের সহকারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *