রবিবার, ২৯ মার্চ ২০২৬

সবশেষ

অনুশীলনে আর্জেন্টিনার জার্সি পরে পগবার চমক

পল পগবা কি তবে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন? আর্জেন্টিনার জার্সি পরা পগবার ছবি দেখে এমন প্রশ্ন জাগতে পারে অনেকের মনে। যদিও বিষয়টি একেবারেই তেমন কিছু নয়। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকেই দেশটির জার্সি পরে অনুশীলনে নেমেছেন পগবা।

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন পগবা। সেই লড়াইয়ের অংশ হিসেবেই এখন অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এই ফরাসি তারকা। তবে ফেরার লড়াইয়ের মধ্যেই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন পগবা।

অনুশীলনে তাঁকে দেখা গেছে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে। বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি পরে পগবা অনুশীলন করেছেন স্পেনের বার্সেলোনার অনুশীলনকেন্দ্রে। সেই সেশনে তাঁর সঙ্গী ছিলেন স্প্যানিশ তারকা আনসু ফাতিও।

২০২৬ সালে পেশির চোটের কারণে মোনাকোর হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করতে হয়েছে পগবাকে। এখন ধীরে ধীরে পুরো ফিটনেস ফিরে পেতে কাজ করছেন তিনি। অনানুষ্ঠানিক এই অনুশীলনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পগবা নিজেই পোস্ট করেছেন। আর্জেন্টিনার জার্সি পরা পগবার সঙ্গে এই ছবিতে দেখা গেছে ফাতিকেও। ক্যাপশনে মজার ছলে পগবা লিখেছেন, ‘পিতা–পুত্র’।

পগবা ও আনসু ফাতি

আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে পগবার এমন সংযোগ নতুন নয়। কয়েক বছর আগে পেশাদার ফুটবলের বাইরে থাকার সময় বন্ধুদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক ম্যাচে রিভার প্লেটের জার্সি গায়ে খেলতেও দেখা গিয়েছিল তাঁকে।

এ ছাড়া ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ চলাকালে বোকা জুনিয়র্সের অনুশীলন ক্যাম্পেও গিয়েছিলেন পগবা। সেখানে গিয়ে দেখা করেন ক্লাবটির সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমের সঙ্গে। পাশাপাশি তাঁকে কথা বলতে দেখা গিয়েছিল মার্কোস রোহোর সঙ্গে।

চোট আর নিষেধাজ্ঞার সময়টা কাটিয়ে আবার ধারাবাহিকতায় ফিরতে চান পগবা। ২০২৪ সালে জুভেন্টাসের হয়ে খেলার সময় ডোপিং পরীক্ষায় পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞায় পড়েন তিনি। পরে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) সেই শাস্তি কমিয়ে ১৮ মাস করে। এখন পগবার লক্ষ্য দ্রুত মাঠে ফেরা এবং পুরোনো ছন্দ ফিরে পাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *