রবিবার, ২৯ মার্চ ২০২৬

সবশেষ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী

সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছে। সাতটি ইভেন্টের মাধ্যমে এটি শুরু করা হবে।

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা সাতটি ইভেন্টের মাধ্যমে শুরু করব এবং পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়ার মাধ্যমে ছেলেমেয়েদের ডিভাইসের আসক্তি থেকে সরিয়ে খেলার মাঠে রাখতে চাই।’

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকে ক্রিকেট বোর্ডসহ দেশের সব ক্রীড়াকে দলীয়করণ ও রাজনীতিকরণ করা হয়েছে। ওই সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে বের করে এনে দলীয়করণমুক্ত ও রাজনীতিমুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। বিগত সময়ে দলীয়করণের মাধ্যমে যেসব অবৈধ নিয়োগ হয়েছে, তা তদন্তে দ্রুত একটি কমিটি গঠন করা হবে। এই অপকর্মের সঙ্গে কারা জড়িত, তা জাতির সামনে প্রকাশ করা হবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের কাছে আহ্বান রাখব, এ বিষয়ে তাঁদের কাছে কোনো তদন্ত থাকলে আমাদের যেন অবগত করেন। যাতে জাতির সামনে উত্থাপিত হয়।’

এ ছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরকারদলীয় ও বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জানান, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার খেলাধুলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য কাজ করছে। তবে এই মুহূর্তে সরকার খেলাধুলার অবকাঠামো তৈরির চেয়ে খেলোয়াড় তৈরির দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *