বাংলাদেশে জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষার প্রসারে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাপানের একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি জানায়, জাপানি মাতৃভাষাভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের ভাষা ও সংস্কৃতিতে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। এতে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশিদের সক্ষমতা বাড়বে।
প্রতিমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে দেশের বিভিন্ন স্থানে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্র ব্যবহার করে জাপানি ভাষা শিক্ষার কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে জাপান বন্ধুপ্রতিম দেশ হিসেবে পাশে রয়েছে। নতুন এই উদ্যোগ দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।
সভায় সিদ্ধান্ত হয়, বিষয়গুলো বিস্তারিত পর্যালোচনা শেষে দ্রুত জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হবে।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, যুগ্মসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








