মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সবশেষ

সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার

সারাদেশে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় তিন লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সোমবার (৩০ মার্চ) একদিনেই ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার এবং পেট্রল ১৩ হাজার ৮৫৬ লিটার।

তিনি আরও জানান, এ পর্যন্ত সারাদেশে মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ১ হাজার ২৪৪টি মামলা দায়ের, ৮৪ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সোমবার দেশে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টনের বেশি ডিজেল মজুত ছিল, যা মঙ্গলবার দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টনে। এছাড়া ৭ হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রল এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে।

তিনি বলেন, এপ্রিল মাসে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই। ডিজেল পাচার রোধে সরকার সতর্ক রয়েছে এবং ফুয়েল কার্ডভিত্তিক একটি অ্যাপ চালুর প্রস্তুতি চলছে, যা এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে চালু হতে পারে।

পাম্পে দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, এটি মূলত মনস্তাত্ত্বিক চাপের ফল, কারণ বাস্তবে জ্বালানি সংকট নেই। ডিপো থেকে ফিলিং স্টেশনে সরবরাহে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

এছাড়া এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়েও কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *