ইরানে বিরাজমান উত্তেজনার মধ্যে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক অভিযানে দেশটি সহায়তা করবে বলে জানা যায়।
মঙ্গলবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আমিরাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে। এই জোটের মূল লক্ষ্য হবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালি খুলে দেওয়া।
আমিরাতের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিটকে জানায়, ‘হরমুজ প্রণালিকে ইরানের নিয়ন্ত্রণমুক্ত রাখতে সামরিক ভূমিকা কী হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। ’
এ বিষয়ে জানতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি প্রতিবেদনের তথ্য অস্বীকার করেনি। তারা জানায়, ‘হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাধীন রাখতে একটি বৈশ্বিক ঐক্যমত্য তৈরি হয়েছে।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। এরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। যার ফলে বিশ্বে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, এই পথে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল








