বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধীদলের সংসদ সদস্যরা জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ বিষয়ে প্রত্যাশিত প্রতিকার না পাওয়া এবং আইনমন্ত্রীর ‘মিসকোট’ করার অভিযোগে এই প্রতিবাদ জানানো হয়।
বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এ ঘটনা ঘটে।
ওয়াকআউটের আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে শফিকুর রহমান বলেন, বিষয়টি কোনো একক দলের নয়; বরং নির্বাচনের আগে সরকার ও বিরোধীদল সবাই এ বিষয়ে একমত ছিল। কিন্তু প্রতিকার না পাওয়ায় জনগণের রায়ের যথাযথ প্রতিফলন হয়নি বলে দাবি করেন তিনি। এ অবস্থায় বিরোধীদলে বসে এই ‘অবমূল্যায়ন’ মেনে নেওয়া সম্ভব নয় জানিয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ওয়াকআউট বিরোধীদলের অধিকার হলেও কিছু সময় অপেক্ষা করে পরবর্তী মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিলে তাদের প্রশ্নের উত্তর মিলতে পারে। এরপরও প্রয়োজনে ওয়াকআউট করার আহ্বান জানান তিনি।
তবে বিরোধীদলীয় নেতা বলেন, মূল নোটিশকে চাপা দিতে বিকল্প নোটিশ আনা হয়েছে বলে তারা মনে করেন। এ কারণেই উভয় বিষয়ের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নেন তারা।
স্পিকার এ বক্তব্যে আপত্তি জানিয়ে বলেন, নোটিশ এখনো আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়নি, তাই এ ধরনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তিনি ধৈর্য ধরার অনুরোধ জানান।
তবে শফিকুর রহমান জানান, স্পিকারের অনুপস্থিতিতে নোটিশটি সংসদে উপস্থাপন করা হয়েছে এবং তা তারা শুনেছেন। সবকিছু বিবেচনায় নিয়েই তারা ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।








